রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় রাঙামাটির সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় আদালত থেকে ওয়ারেন্ট আসার দু’ঘণ্টার মধ্যেই শহরের এডিসি হিলের নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি তারা।
ফজলে এলাহী রাঙামাটির আঞ্চলিক দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডট কম এর সম্পাদক।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কবির হোসেন বলেন, চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল থেকে একটি ওয়ারেন্ট আদালতের মাধ্যমে থানায় আসার ঘন্টা দু’ঘণ্টার মধ্যে দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার বিষয়ে তিনি তাৎক্ষণিক বিস্তারিত জানাতে পারেনি।
রাঙামাটি পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন বলেন, মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানি না। আদালত থেকে একটি ওয়ারেন্টের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, আমি বিষয়টা জেনেছি। বিষয়টা নিয়ে খোঁজখবর নিচ্ছি আমি।
প্রসঙ্গত, রাঙামাটির সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এবং তার কন্যা নাজনীন আনোয়ার প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ফজলে এলাহীর বিরুদ্ধে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ দুটি তদন্তের অনুমতি চাইলে আদালত সেই অনুমতি প্রদান করেছেন। পরবর্তীতে চট্টগ্রাম থেকে সাইবার ট্রাইব্যুনালের মাধ্যমে একটি ওয়ারেন্ট ইস্যু করা হয়।