অযোগ্য, অনির্বাচিত এবং অবৈধ সরকার দেশ পরিচালনা করছে বলেই এমন ঘটনা ঘটছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামীলীগের লোকজন ঘটনার সাথে জড়িত আছে কি না, তা দেখতেই সরকার এত বড় ঘটনাকে ধামাচাপা দিতে মামলা করছে না। আর যে কোন ঘটনা ঘটলে আওয়ামী লীগ বলে সেটা নাশকতা। আর নাশকতা যদি হয়ে থাকে, তাহলে তো তাতেই প্রমাণ পায় সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ।
মঙ্গলবার (৭ জুন) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের দেখতে এসে এসব কথা বলেন তিনি।
আমির খসরু বলেন, বাংলাদেশের অবস্থা অব্যবস্থাপনায় পরিণত হয়েছে। অনির্বাচিত সরকার যেভাবে দুর্নীতিতে ব্যস্ত তারাতো নাশকতার গন্ধ পাবেই। অবৈধ সরকার বলে তার প্রতিফল বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে ঘটছে।
এর আগে গতকাল রোববার চমেক হাসপাতালে পরিদর্শনে এসে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডা. মাহমুদ সীতাকুণ্ডের বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে, নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখতে বলেন।
তথ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রয়ায় আমির খসরু মাহমুদ বলেন, আওয়ামী লীগের রাজনীতি, আর কত কিছু নিচে নামবে। বাংলাদেশের মানুষ কি বোকা। দেশে যে কোনো ঘটনা ঘটলেই তারা নাশকতা দেখবে। প্রত্যকেটা জায়গায় যখন তখন তারা ফেল করবে, তখন নাশকতাই দেখবে। নাশকতা হয়ে থাকলে সরকার হিসেবে তাদের দায়িত্ব এর কারণ খুঁজে বের করা। পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে তো লাভ নেই।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য দাবি করে বলেন, বিদ্যমান অনেক আইন- কানুন প্রয়োগ হচ্ছে না, অনেকক্ষেত্রে আইনও নাই। আইন প্রয়োগ না করার কারণ হচ্ছে অনির্বাচিত ও অবৈধ সরকার দেশ পরিচালনা করছে। জনগনের জন্য কোনো দায়বদ্ধতা নেই বলে ২ লাখ টাকা আর ৫০ হাজার টাকা দিয়ে দায় সেরেছে।
বিস্ফোরণের বিষয়ে মন্তব্য করতে গিয়ে খসরু বলেন, কেমিক্যাল কনটেইনারে হ্যান্ডেলিং, ট্রান্সপোর্টিং ও স্টোরেজের মধ্যে নিয়ম অনুসরণ করা হয়েছে কিনা দেখতে হবে। যদি অনুসরণ করা হয় তাহলে এখানে মালিকের নাকি যারা রিফাইনারী করে তাদের ব্যর্থতা ছিল। এসব না বলে নাশকতার কথা বলে তো লাভ নেই।
ঘটনার তিনদিনের মাথায় কোনো মামলা হয়নি এমন প্রশ্নে এই বিএনপি নেতা বলেন, মামলা করার আগে তারা দেখবে দলীয় লোকজন আছে কিনা। এই যে বার বার নাশকতা বলছে এর কারণ এটা। তারা আগে ডিএনএ টেস্ট করে দেখবে আওয়ামী লীগের কেউ আছে কিনা, এরপর সে অনুযায়ী মামলা-মোকদ্দমা করবে। আমরা সারাদেশে এ রকমটাই দেখতে পাচ্ছি।
এসময় ঘটনার পর থেকে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রক্ত সংগ্রহ থেকে শুরু করে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।
এসময় মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতার্মীরা উপস্থিত ছিলেন