সীতাকুণ্ডে বিএম ডিপোর ঘটনায় মালিকের শাস্তি দাবি স্কপের

সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে মালিকসহ সংশ্লিষ্টদের শাস্তি দাবি করেছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রাম।

সোমবার (১৩ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এসময় হতাহতদের ক্ষতিপূরণ ও সুচিকিৎসার দাবিও জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মালিকপক্ষকে বাদ দিয়ে ডিপোর আট কর্মকর্তার বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। মালিকপক্ষ যে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তিতো দূরের কথা বরং তাদের বাঁচানোর নানা প্রক্রিয়া, ফন্দিফিকির অবলোকন করা হচ্ছে বলে অভিযোগ করেন স্কপের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য স্কপ চট্টগ্রামের সমন্বয়ক তপন দত্ত বলেন, দেশে কোনোদিন কর্মক্ষেত্রে হতাহতের ঘটনায় দায়ী মালিক কিংবা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি। শুধু তাই নয়, এসব ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেও প্রশাসন তাতে বাধা দেয়।

বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে শ্রমিক হতাহতের প্রতিবাদে আমরা গত ৮ জুন প্রেসক্লাবের সামনে শোক ও প্রতিবাদ সমাবেশ করতে চেয়ে পুলিশকে জানিয়ে চিঠি দিয়েও পুলিশের হস্তক্ষেপের কারণে আমরা করতে পারিনি। অথচ সংবিধানে শ্রমিক হতাহতসহ যেকোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো তথা স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার দেশের প্রত্যেক নাগরিকের রয়েছে।

লিখিত বক্তব্য বলা হয়, প্রশাসন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা তো নিচ্ছেই না, প্রতিবাদ করতে চাইলে তাতে বাধা দিয়ে শ্রমজীবী মানুষের সাংবিধানিক অধিকারও কেড়ে নিচ্ছে। এতে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র প্রশ্নবিদ্ধ হচ্ছে। রাষ্ট্রের অবস্থান যে ব্যবসায়ী-ধনী শ্রেণির পক্ষে তা পরিষ্কার হচ্ছে।

স্কপ নেতারা বলেন, কনটেইনারে ক্যামিকেল রাখার বিষয়টি বিএম ডিপো কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকেও জানায়নি। তথ্য গোপন করে মালিকপক্ষ যে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি তো দূরের কথা, বরং তাদের বাঁচানোর নানা প্রক্রিয়া, ফন্দিফিকির আমরা অবলোকন করছি।

এসময় বলা হয়, আইএলও কনভেনশন ১২১ অনুসরণ করে কন্টেইনার বিস্ফোরণে নিহতদের প্রত্যেকের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। আহতদের চিকিৎসাকালীন সবেতন ছুটিসহ সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আহতদের মধ্যে কেউ যদি স্থায়ী পঙ্গু হয়ে যায় তাদের ক্ষেত্রে আজীবন আয় এবং ভোগান্তি হিসাব করে সমপরিমাণ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। কেউ আংশিক পঙ্গু হলে তাদের পুনর্বাসনসহ অঙ্গহানি বিবেচনায় নিয়ে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

স্কুপের সংবাদ সম্মেলন থেকে, নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মহানগর এবং আবাসিক এলাকা সংলগ্ন সকল কন্টেইনার ডিপো দ্রুত স্থানান্তর করার উদ্যোগ নেয়ার দাবি জানানো হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.