হাটহাজারী প্রতিনিধিঃ চট্টগ্রাম হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান কর্তৃক চলতি বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপনে বিলবোর্ড নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে। উপজেলা পর্যায়ে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানে আপ্যায়ণ, ডেকোরেশন, সম্মানী, ব্যানার, স্টেশনারী, প্রচার প্রচারনা ও বিলবোর্ড বাবদ ১লক্ষ ১৭ হাজার ৫০০ টাকার প্রদান করেন সংশ্লিষ্ট অধিদপ্তর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত। পোগ্রাম ম্যানাজার হিসেবে দায়িত্ব পালন করেন টিএলসি মোঃ শরীফ উদ্দিন। আপ্যায়ণ, স্টেশনারী, ব্যানারসহ অন্যান্য কিছু ঠিকঠাকভাবে করলেও বিলবোর্ড নিয়ে জালিয়াতি করেছেন কর্তৃপক্ষ। বিলবোর্ডের জন্য ১০ হাজার টাকা বরাদ্দ থাকলেও মাত্র কয়েকশ টাকা খরচ করে স্বাস্থ্যকমপ্লেক্স ভবনের পশ্চিমাংশে দীর্ঘদিনের পুরাতন একটি লোহার স্ট্যান্ডে কর্মসূচীর পোষ্টার লাগানো হয়। জানা যায়, লোহার ওই স্ট্যান্ডে কমিউনিটি ক্লিনিকের জনসচেতনতামূলক একটি বিজ্ঞপ্তির পোষ্টার ছিল। কৌশলে তা ফেলে দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপনের পোষ্টার লাগিয়ে বিলবোর্ড হিসেবে চালিয়ে দেয়া হয়। এ বিষয়ে জানতে টিএলসি মোঃ শরীফ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার মনে নাই। কার কাছে জানা যাবে প্রশ্ন করলে তিনি বলেন, আমি কেমনে কইতাম (আমি কিভাবে বলব)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. সুরজিত দত্ত মনে নেই উল্লেখ করে গতকাল রাত সোয়া আটটার দিকে মুঠোফোনে বলেন, জানতে হলে আপনাকে অফিসে আসতে হবে। এগুলো কি মনে রাখা সম্ভব।