আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এবার দেশটির ইন্ডিয়ানা রাজ্যের একটি শপিং মলে বন্দুক হামলায় হামলাকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (১৮ জুলাই) কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি মলে রোববার গোলাগুলিতে তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স এক বিবৃতিতে বলেছেন, রোববার সন্ধ্যায় গ্রিনউড পার্ক মলে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় তিনজন নিহত ও তিনজন আহত হন।
গভর্নর মায়ার্স বলেন, বন্দুকধারীকে ‘একজন সশস্ত্র ব্যক্তি’ গুলি করে হত্যা করেছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। দেশটিতে বন্দুক সহিংসতার সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে গত মে মাসে। নিউইয়র্কে একটি সুপারমার্কেটে ১০ কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করা হয়েছিল। ওই মাসেই টেক্সাসে একটি প্রাথমিক স্কুলে ১৯ শিশু ও দুই শিক্ষক বন্দুক হামলায় মারা যান।
গত ৪ জুলাই শিকাগোতে বন্দুক হামলায় সাত জন নিহত ও ৩৬ জন আহত হয়েছিল। গান ভায়োলেন্স আর্কাইভ-এর তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার কারণে বছরে প্রায় ৪০ হাজার মানুষের প্রাণহানি হয়ে থাকে।