সিএমপি থেকে তানভীরের রাজকীয় বিদায়, নতুন কমিশনার যোগ দিচ্ছেন সোমবার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদে ২২ মাস দায়িত্ব পালন করা সালেহ মোহাম্মদ তানভীরকে বাংলাদেশ পুলিশের বর্ণাঢ্য প্রথা ও ঐতিহ্য অনুযায়ী বিদায়ী সংবর্ধনা জানিয়েছে সিএমপি। রোববার (১৭ জুলাই) সিএমপি কমিশনার হিসেবে শেষদিন অফিস করেন সালেহ মোহাম্মদ তানভীর। অন্যদিকে সোমবার (১৮ জুলাই) থেকে নতুন সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।

রোববার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত বিদায় সংবর্ধনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সালেহ মোহাম্মদ তানভীরকে বিদায় জানানো হয়।

বিদায়কালে তিনি সিএমপির সকল স্তরের অফিসার ও ফোর্সের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় বিদায়ী কমিশনারকে ফুলেল শুভেচছা প্রদান করেন এবং সিএমপির স্মারক ক্রেস্ট তুলে দেন।

এসময় সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)  সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরসহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতি. উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ।

প্রসঙ্গত, ২২ মাস আগে ২০২০ সালের ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদে যোগ দেন সালেহ মোহাম্মদ তানভীর। গত ৩০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনজয় কুমার দাশ স্বাক্ষরিত এক আদেশে  তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

পৃথক আরেকটি আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়কে সিএমপির কমিশনার হিসেবে পদায়ন করা হয়। জানা গেছে নতুন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় ১৮ জুলাই থেকে সিএমপিতে অফিস করবেন।

মন্তব্য করুন

Your email address will not be published.