চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২০ দশমিক ৩৯ শতাংশ। এতে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১ লাখ ২৮ হাজার ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
অন্যদিকে একই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে কারো মৃত্যু ঘটেনি। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬৬ জনের।
সোমবার (১৮ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানা যায় ।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১টি ল্যাবে ২৪৭টি নমুনা পরীক্ষায় ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩০ জন নগরের বাসিন্দা। বাকি ১১ জন বিভিন্ন উপজেলার। এর মধ্যে পটিয়া, বোয়ালখালী ও ফটিকছড়িতে ২ জন করে এবং চন্দনাইশ, রাঙ্গুনিয়া, হাটহাজারী, সীতাকুণ্ড ও মিরসরাইতে ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ৩৪০ জন এবং বাকি ৩৪ হাজার ৭৩৯ জন বিভিন্ন উপজেলার।
এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৬ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। বাংলাদেশে ভাইরাসটিতে প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর দেশের দ্বিতীয় রাজধানীখ্যাত চট্টগ্রামে প্রথম কোন রোগী সংক্রমিত হয় একই বছরের ৩ এপ্রিল। ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।