চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেটের মোড়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং নালায় হোটেলের বর্জ্য ফেলার অপরাধে আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।
বিষয়টি নিশ্চিত করেন চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।
তিনি জানান, একই অভিযানে সিডিএ মার্কেটের মোড় ও সাগরিকা সড়কের ফুটপাত দখল করে লোহার প্লেট, পুরাতন ইঞ্জিন, ক্যাবল ও বিভিন্ন মালামাল রেখে ব্যবসা করায় জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ১০ জনের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩৬ হাজার ৫০০ টাকাসহ মোট ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে চসিকের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।