রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের কোদালা বনবিটের শতাধিক বনের গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। কর্তন করা গাছগুলো বনবিভাগের অধীনে শেখ রাসেল এভিয়ারী পার্কের অধিগ্রহণ করা পাহাড় থেকে কাটা হয়েছে। গাছ কাটার খবরে শনিবার (১৩ মার্চ) সকালে অভিযান চালিয়েছে বনবিভাগ। এসময় ৮টি বিভিন্ন প্রজাতির গাছ উদ্ধার করেছেন তারা।
সরেজমিনে হোছনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর এলাকায় গিয়ে দেখা যায়, আশেপাশের পাহাড় থেকে শতাধিক কেটে নেওয়া গাছের মোথা রয়েছে। এরমধ্যে পুরাতন ও সদ্য কেটে নেওয়া গাছের মোথাও রয়েছে। সদ্য কাটা ৮/১০টি গাছের গুড়ি পড়ে থাকতেও দেখা যায়। এসময় অভিযানে আসেন কোদালা বনবিটের বনকর্মীরা। তারা পড়ে থাকা গাছগুলো জব্দ করছেন। গাছ জব্দ করার খবরে ঘটনাস্থলে ছুটে আসেন হোছনাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দানু মিয়ার ছেলে সেকান্দর হোসেন লিটু। জায়গা ও গাছগুলো তাঁদের দাবি করেন তিনি। তবে গাছগুলো তিনি কেটেছেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি কোনো গাছ কাটেননি। তবে বছরখানেক আগে তারা কিছু গাছ কাটালেও বনবিভাগ বাঁধা দিলে তারা এই কাজ থেকে বিরত থেকেছেন বলে তিনি জানান। গাছগুলো অন্যরা কেটেছেন তাঁর দাবী।
গাছ জব্দ করতে আসা কোদালা বনবিট কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, জায়গাটি কোদালা বনবিটের অধীনে শেখ রাসেল এভিয়ারী পার্কের । গাছ কাটার খবরে ঘটনাস্থলে এসে তিনি ঘটনার সত্যতা পেলেও গাছ কাটার সাথে জড়িত কাউকে পাননি বলে জানান। অভিযানে তিনি ৮টি বিভিন্ন প্রজাতির গাছ জব্দ করেছেন জানিয়েছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, শেখ রাসেল এভিয়ারী পার্কের অধিগ্রহণকৃত পাহাড় থেকে বনবিভাগের নাকের ডগায় প্রায় সময় গাছ কেটে নেওয়ার ঘটনা ঘটছে। এই নিয়ে বিভিন্ন সময় অভিযান চালিয়েও সংরক্ষিত বনের গাছ রক্ষা করা যাচ্ছে না।
এই বিষয়ে রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির জানান, গাছ কাটার খবর পেয়ে বনবিভাগের লোকজনকে পাঠিয়েছি। কিছু গাছ জব্দ করা হযেছে। স্থানীয় একজন জায়গাটি তাদের দাবি করেছেন। আমরা উনার কাগজপত্র দেখব।