চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু’র প্রকোপ

একে তো করোনা তার ওপড় চলছে ডেঙ্গুর মৌসুম। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গু জ্বরের মৌসুম। আর এই মৌসুমেই চট্টগ্রামে বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। সর্বশেষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ২৩, মহিলা ১৮, শিশু ২৩ জন।

চিকিৎসকদের মতে, সাধারণ জ্বর মনে হলেও এখন ঘরে বসে না থেকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ পরীক্ষা নিরীক্ষা শেষেই বলা যাবে এটি ডেঙ্গু নাকি করোনা। এছাড়া বাড়ির আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার ওপর জোর দিচ্ছেন তারা।

চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. অং সুই প্রু মারমা বলেন, হাসপাতালে যেসব ডেঙ্গু রোগী ভর্তি আছে, তাদের আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদেরও এ নিয়ে প্রস্তুতি রয়েছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।

সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, ডেঙ্গুর প্রকোপ রুখতে আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। প্রস্তুত রাখা হয়েছে হাসপাতালের শয্যাও। প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, এডিস মশা যাতে বংশ বিস্তার করতে না পারে, সে জন্য ওষুধ ছিটানোসহ নানা উদ্যোগ নিয়েছি। তবে এখনও পরিস্থিতি তেমন জটিল পর্যায়ে পৌঁছায়নি। তারপরও আমরা সতর্ক আছি। সকলকে আরও সচেতন থাকতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.