চট্টগ্রাম নগরের রহমান নগর ও হিলভিউ আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের নিচতলায় এডিস মশার বংশ বিস্তারে সহায়ক জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবনের ৪ মালিককে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবনের নিচের জমাটবদ্ধ পানি ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে নিষ্কাশনের ব্যবস্থা করা হয়।
ভবিষ্যতে পানি জমা হলে তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য ভবন মালিকদের নির্দেশনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৮ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানকালে বর্ষা মৌসুমে নির্মাণাধীন ভবনের নিচতলা, ভবনের ছাদে বা ছাদবাগানে যাতে পানি না জমে সে বিষয়ে সতর্ক থাকতে নগরবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
চসিকের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।