সাতকানিয়া প্রতিনিধি
সাবেক গণপরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু ছালেহ মারা গেছেন।
বুধবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নগরের কদম মোবারক মসজিদ ও গ্রামের বাড়ি সাতকানিয়া মডেল হাইস্কুল মাঠে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ষাটের দশকের চট্টগ্রামের এই ছাত্রনেতা ১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে অংশগ্রহণ করে সাতকানিয়া-কুতুবদিয়া-চকরিয়া (এন-ই-১৬০) উপজেলার এম.এন.এ নির্বাচিত হন। ছালেহ মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম দক্ষিণ ও পূর্ব অঞ্চলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও চট্টগ্রাম জেলা ছাত্রলীগ সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।