সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় নির্মাণাধীন রেললাইনের পাশে পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (৭ আগস্ট) আনুমানিক রাত ৮টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড তেমুহনী এলাকার উত্তরে ডোবা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় একজন বলেন, দোহাজারী টু কক্সবাজার নির্মাণাধীন রেললাইনের পাশে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে প্রথমে পুলিশকে খবর দেই। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। ধারনা করছি, কেউ হত্যা করে লাশটি ভাসিয়ে দিয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মুহাম্মদ আব্দুল হান্নান বলেন, স্থানীয়দের মাধ্যমে ভাসমান লাশের খবর পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। লাশটি উদ্ধার করেছি তবে পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠিয়ে দেওয়া হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা সহ পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।