রাউজানে শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, মা-বাবা আটক

চট্টগ্রামের রাউজানে ৫-৬ মাসের এক শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডোবার কথা বলা হলেও সেটি নিয়ে ‘সন্দেহ’ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর মা-বাবাকে আটক করেছে।

জানা গেছে, শুক্রবার বিকেল তিনটার দিকে কদলপুর ইউনিয়নে মীর বাগিছা এলাকার মফিজুল আলম চৌধুরীর পরিত্যক্ত পুকুর থেকে আহান চৌধুরী নামে ৫-৬ মাস বয়সী ওই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখান থেকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পানিতে ডোবার কথা বলা হলেও ৫-৬ মাস বয়সী ওই শিশু পুকুরে কিভাবে গেল তা নিয়ে ‘সন্দেহ’ তৈরি হয় স্থানীয়দের। পরে তারা মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করলে তারা অসামঞ্জস্যপূর্ণ কথা বলে। এতে সন্দেহ আরও বেড়ে যায় স্থানীয়দের। পুলিশকে খবর দিলে পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য মা-বাবাকে আটক করে থানায় নিয়ে যায়।

পরিবারের লোকজন্য বলছেন, রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের ফিতর মোহাম্মদ চৌধুরী বাড়ির রবিউল হোসেন চৌধুরী  ও সৈয়দা ফাতেমা বেগমের এক ছেলে এক মেয়ের মধ্যে ছোট। নিহত শিশুর মা সৈয়দা ফাতেমা তার আত্মীয়দের সাথে মফিজুল আলম চৌধুরী নামের কদলপুরে এক রোগীকে শুক্রবার জুমার আগে আসেন। দুপুরে যখন খাবার খাচ্ছিল তখন ঘরের একটি কক্ষে আহানসহ দুই শিশু ঘুমিয়ে ছিল। খাবারের পর মা ফাতেমা এসে দেখে শিশু আহান নেই। তখন তিনি মনে করেছিলেন তিনি কারো সাথে বা কোলে আছে। পরে না পেয়ে খোঁজাখুঁজি করলে পিছনের পুকুরে তার মরদেহ পাওয়া যায়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, দাফনের পর খবর পেয়ে নিহত শিশুর বাবার বাড়িতে পুলিশ সদস্যদের পাঠানো হয়। তাদের কথা অসমঞ্জস্য মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর বাবা-মাকে থানা হেফাজতে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।  রহস্য উদঘাটন হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.