বিমানবন্দরে সাফজয়ী কৃষ্ণাদের ব্যাগের তালা ভেঙে ডলার-টাকা চুরি

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে বীরদর্পে দেশে ফেরা কৃষ্ণা রানীদের ব্যাগ থেকে দুই লাখ টাকার মতো ডলার ও টাকা চুরির ঘটেছে।  সেই সঙ্গে বেশ কয়েক খেলোয়াড়ের লাগেজ পাওয়া গেছে তালা ভাঙা অবস্থায়।

বুধবার (২১ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অবতরণের পর এ ঘটনা ঘটে বলে জানা যায়। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে ফুটবলারদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ‍ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বুধবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে রাজসিক সংবর্ধনা শেষে ছাদখোলা বাসে তাদের নিয়ে যাওয়া হয় বাফুফে ভবনে। এর মধ্যে বিমানবন্দরে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। কৃষ্ণাদের লাগেজ ভেঙে ডলার, টাকা ও উপহারসামগ্রী চুরির ঘটনা ঘটে।

বাফুফের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সাফজয়ী নারী দলের সদস্য কৃষ্ণা রানি সরকারের ব্যাগ থেকে ৫০০ ডলার (প্রায় ৫২ হাজার টাকা) এবং নগদ ৫০ হাজার টাকা চুরি হয়ে গেছে। সানজিদা আক্তারের ব্যাগ থেকে ৫০০ ডলার ও সামসুন্নাহার সিনিয়রের ব্যাগ থেকে হারিয়েছে ৪০০ ডলার (প্রায় ৪২ হাজার টাকা)।

অন্যদিকে মার্জিয়ার ব্যাগ থেকে কিছু সংখ্যক নেপালি মুদ্রা হারানোর কথা জানিয়েছেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন। এ ছাড়াও অনেকের লাগেজের তালা ভাঙা ছিল বলেও জানানো হয়। যেখানে শাড়ি, প্রসাধনীসহ মূল্যবান উপহার সামগ্রী ছিল বলে জানা যায়।

এর আগে বাংলাদেশ জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন জানান, ‘কৃষ্ণা ও শামসুন্নাহারের ডলার হারিয়েছে বলে জানিয়েছে। কৃষ্ণার ৫০০ ডলার ও বাংলাদেশি ৫০ হাজার টাকা এবং শামসুন্নাহারের ৪০০ ডলার হারিয়েছে। তাদের ধারণা বাংলাদেশ বিমানবন্দর লাগেজ বেল্ট থেকে এটি হয়েছে।’

প্রসঙ্গত, গত কয়েক বছরে অনেক বার বিদেশে ভ্রমণ করেছেন দুই সিনিয়র ফুটবলার কৃষ্ণা ও শামসুন্নাহার। বাংলাদেশ বিমানবন্দরে এ রকম চুরির ঘটনা প্রতিনিয়ত হয় জেনে তারা তাদের লাগেজে তালা মেরে রেখেছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.