প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বাংলাদেশ সরকার বিশ্ব শিশু দিবস পালন করে থাকে।
সে অনুযায়ী ‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৩ অক্টোবর) সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস। একই সাথে শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সকলকে অধিকতর উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে ৪ থেকে ১১ অক্টোবর পর্যন্ত পালন করা হবে শিশু অধিকার সপ্তাহ।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিবছরের মতো এবছরও দেশব্যাপী যথাযথ মর্যাদায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে শিশুদের অধিকার নিশ্চিত করেন। জাতিসংঘ ১৯৮৯ সালে শিশু অধিকার সনদ ঘোষণার ১৫ বৎসর পূর্বে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শিশুদের অধিকার সুরক্ষার জন্য শিশু আইন প্রণয়ন করেন।