জরিমানা দিতে হবে সেই ক্ষোভে কেটে দিল পেঁপে বাগান

সাতকানিয়া প্রতিনিধি:

মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের বহনা দীঘির উত্তর পাশে শত্রুতার জেরে রাতের আঁধারে এক কৃষকের প্রায় ৭০টি পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ওই কৃষকের। এ ঘটনা ঘটে। গাছ কাটার ঘটনায় বুধবার (১৯ অক্টোবর) সকালে দুজনের নাম উল্লেখ করে সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন কৃষক মোহাম্মদ সাহাব মিয়া।

কৃষক সাহাব মিয়া বলেন, বাগান থেকে পেঁপে চুরি করার সময় লোকজন দেখে ফেলে। পরে বিচারের মাধ্যমে তাকে জরিমানা করলে ক্ষোভে ভোর রাতে তার ভাই মোহাম্মদ নাছিরসহ লোকজন নিয়ে বাগানে পেঁপে গাছগুলো কেটে ফেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছবুর চৌধুরী বলেন, কৃষকের পেঁপে গাছ কেটে ফেলার বিষয়টি শুনেছি। তবে আমাকে কোন পক্ষ জানাইনি।

অভিযোগ সূত্রে জানা যায়, ছদাহা রোয়াজির পাড়ার আব্দুল হাকিমের ছেলে কৃষক মোহাম্মদ সাহাব মিয়া ছয় মাস আগে লিজ নিয়ে ১০ শতাংশ জমিতে পেঁপে চাষ শুরু করেন। জমিতে ১২০টি রেড লেডি জাতের চারা রোপণ করেন তিনি। কয়েক মাস ধরে বাগান থেকে পেঁপে বিক্রিও শুরু করেন। গত সোমবার রাতে বাগান থেকে পেঁপে চুরি হয়। পেঁপে চুরির জন্য অভিযুক্ত করা হয় নুনু চৌধুরী পাড়ার বাসিন্দা মোহাম্মদ জহিরকে (৪০)। ঘটনার দিন সন্ধ্যায় মিঠাদীঘি বাজারে একটি সালিশী বৈঠকে জহিরকে দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভোর রাতে জহির আরো কয়েকজন মিলে তার পেঁপে গাছগুলো কেটে ফেলেছে অভিযোগে উল্লেখ করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ছদাহা এলাকায় এক কৃষকের পেঁপে গাছ কেটে ফেলার বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.