বাঁশখালীতে এসিলেন্ড আতংকে ভূমি দালালেরা! তিন মাসে অর্ধশতাধিক দালালকে দন্ড
সরকারী নথিপত্র নড়াচড়া করার সময় ১ দালাল আটক, ৭ দিনের জেল
বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ভূমি অফিসে সরকারী নথি নড়াচড়া করার সময় মো. ইমরান (২২) নামে এক দালালকে আটক করা হয়েছে। আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই পযর্ন্ত তিন মাসে অর্ধশতাধিক দালালকে দন্ড দিয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুর ২ টায় উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়। দালাল ইমরান কালীপুর ইউনিয়নের শাহ আলমের পুত্র বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট খোন্দকার মাহমুদুল হাসান। জানা গেছে, কালীপুর ইউনিয়নের শাহ আলমের পুত্র মোঃ ইমরান একজন দালাল হিসেবে চিহ্নিত। তিনি ৭-৮ মাস ধরে ভূমি অফিসে বিভিন্ন মানুষের নামজারি ও কোর্টের মামলা নিয়ে দালালি করেন। এজন্য তিনি ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন এবং ভূমি অফিস বিভিন্ন কর্মকর্তার সাথে যোগসাজশে খতিয়ান নামজারী সহ বিভিন্ন কাজ কর্ম চালিয়ে আসে। বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ইমরান বিভিন্ন ব্যক্তিকে সঙ্গে নিয়ে ভূমি অফিসের কর্মচারী পরিচয় দিয়ে নামজারী করাতে আসেন। নামজারী করে দেয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অনেক অভিযোগ আমার হাতে আসে। এই পযর্ন্ত তাকে ৪ বার সতর্ক ও দুইবার জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় । সে বড় মাপের একজন টাউট ও প্রতারক। পরে জিজ্ঞাসাবাদে সব দোষ স্বীকার করে।