অস্ত্র মামলা : যুবকের ১৭ বছরের কারাদণ্ড

রাউজান থানার রাবার বাগান এলাকায় অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় করা মামলায় মো. সৈয়দ হোসেন প্রকাশ ফারুক (৩১) নামে এক যুবকের ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্ত সৈয়দ হোসেন রাঙ্গুনিয়ার ইসলামপুরের বটতলা এলাকার বেলাল হোসেনের ছেলে।

রোববার (২৭ নভেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক আজিজ আহমেদ ভূঞা এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৭ নভেম্বর রাতে রাউজানের রাবার বাগান এলাকার গিরিছায়া রেস্টুরেন্টের সামনে থেকে সৈয়দ হোসেনকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তাঁর কাছ থেকে একটি এলজি, একটি রাইফেল, ৮টি বুলেট ও ৪টি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলায় গত ১৯ মে আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়।

চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, রাউজানে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সৈয়দ হোসেন নামে এক যুবকের ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। এরপর সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মন্তব্য করুন

Your email address will not be published.