আজ পবিত্র শবে বরাত, ইবাদত-বন্দেগী ও তওবার রাত

নিউজ ডেস্ক

ধর্মপ্রাণ মুসলমানদের জন্য কাঙ্ক্ষিত মহিমাময় রজনী পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের মহিমান্বিত এ রাতে মুসলমানরা পাপ থেকে ক্ষমা প্রার্থনা করে নিষ্কৃতি লাভের অপার সৌভাগ্য লাভ করেন। এই রাতে আল্লাহতায়ালা বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন, সেই সঙ্গে আগামী এক বছরের জন্য মানুষের ভাগ্য নির্ধারণ করেন।

এই রাতে মহান আল্লাহতায়ালার নূরের জ্যোতি পৃথিবীর নিকট আসমানে প্রকাশ পায়। আর এ সময়ই আল্লাহতায়ালার মহান দরবারে ক্ষমা প্রার্থনার বিশেষ সময়। আল্লাহর নৈকট্য ও সান্নিধ্য লাভের এক দুর্লভ সুযোগ এনে দেয় এই মহিমান্বিত রজনী।

ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ চারটি রাতের অন্যতম শবে বরাতের রাত। এ রাতে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তাই নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাত কাটান। সেই সঙ্গে এই ভাগ্য রজনী জানান দেয় রমজানের আগমনী বার্তা।

এক মাস সিয়াম সাধনার আগে শবে বরাত উপলক্ষে নফল রোজা ও নফল নামাজের মধ্য দিয়ে মূলত মুসল্লিরা রমজানের প্রাক-প্রস্তুতি নেওয়ার সুযোগ পান। শবে বরাতে আরও একটি আমল ধরা হয়, যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছেন, তাদের কবর জিয়ারত। এই রাতে পরম করুণাময়ের আনুকূল্য পেতে বান্দারা সাধ্যমতো দান-খয়রাত করবেন।

এদিকে শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

চট্টগ্রামে পবিত্র শবে বরাত পালনের জন্য যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। নফল রোজা, মসজিদ, খানকা ও বাসাবাড়িতে রাতভর ইবাদত-বন্দেগীর মাধ্যমে শবে বরাত পালন করবে এ অঞ্চলের মানুষ। নগরের ঐতিহ্যবাহী মসজিদগুলোতে যাবতীয় স্বাস্হ্যবিধি মেনে মুসল্লিদের ইবাদতের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করা হচ্ছে মসজিদের আশপাশের এলাকাও।

নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জমিয়তুল ফালাহ জামে মসজিদ, বায়তুশ শরফ জামে মসজিদ, হযরত আমানত খান দরগাহ মসজিদ, এনায়েত বাজার শাহী জামে মসজিদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় মসজিদ, মুরাদপুরের মসজিদে বেলাল, অলিখাঁ মসজিদ, পাঠানটুলী চট্টেশ্বরাই গায়েবী মসজিদ, সিজিএস কলোনী মসজিদ, জাম্বুরী ময়দান জামে মসজিদ, লালদীঘি জামে মসজিদ, আলী শাহ জামে মসজিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদসহ এ অঞ্চলের প্রতিটি মসজিদ ও খানকায় আগমণ ঘটবে ধর্মপ্রাণ মুসল্লিদের।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এবারও স্বাস্থ্যবিধি মেনে শবে বরাত পালনের অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

গত বছর করোনা মহামারির কারণে ঘরে ইবাদত করার আহ্বান জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। তবে এখনও এ সংক্রান্ত কোনো নির্দেশনা দেয়নি ধর্ম মন্ত্রণালয়।

এদিকে পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণকল্পে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় আজ সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল মঙ্গলবার (৩০ মার্চ) ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ। শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯(খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ ঘোষণা করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.