চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দগ্ধ বন্দী জাহাঙ্গীর আলম (২৫) আজ বৃহস্পতিবার ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সাত দিন হাসপাতালের বিছানায় লড়ে মৃত্যুর সঙ্গে হার মানতে হলো তাঁকে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, টেকনাফ থানার একটি মাদক মামলায় জাহাঙ্গীর আলমের সাজা হয়। পরে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দী ছিলেন। সেখানে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বন্দীদের জন্য উন্নত খাবার রান্না করা হচ্ছিল। এ সময় রান্না করা গরম সেমাই তাঁর গায়ে পড়ে যায় এবং তিনি দগ্ধ হন। সেখান থেকে তাঁকে কারা কর্তৃপক্ষের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ১৮ ডিসেম্বর ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আজ সকালে সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এসএম আইয়ুব হোসেন বলেন, জাহাঙ্গীর আলমের শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছিল। তাঁর বাড়ি কক্সবাজারের টেকনাফে। তাঁর বাবার নাম ফরিদ আলম।
আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন তাঁর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এসআই গোলাম হোসেন বলেন, এ ব্যাপারে শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহটি মর্গের হিমঘরে রয়েছে। জাহাঙ্গীরের স্বজনেরা এলে লাশ তাঁদের বুঝিয়ে দেওয়া হবে।