চট্টগ্রামের সাতকানিয়ায় ১৬ বছরের এক কিশোরী গৃহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে গৃহকর্তাসহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— সাতকানিয়া পৌরসভা গোয়াজর পাড়া এলাকার মৃত জিয়াবুল হোসেনের ছেলে মো. বাদশা মিয়া (৫৫) ও বাঁশখালী সরল ইউনিয়নের মিনিঝিরি এলাকার এয়াকুব নবীর ছেলে ওসমান গনি (৩৯)।
জানা গেছে, চন্দনাইশ থানা এলাকায় তিন ভাই দুইবোন সহ ভাড়া বাসায় থাকে ওই কিশোরী। বাবা অসুস্থ হওয়ায় মানুষের বাসা বাড়িতে কাজ করে সংসারে অর্থের যোগান দেয় সামান্য বাক প্রতিবন্ধী এই কিশোরী। গত ১ জানুয়ারি কলোনীতে এসে গৃহকর্মী খোঁজাখুঁজি করে আটক ওসমান গনি। তখন তার সঙ্গে কথাবার্তা পাকা করে সাতকানিয়া পৌরসভার আশেকের পাড়ার বাদশা মিয়ার বাড়িতে কাজে দেয়। পরদিন সকালে এসে তাকে নিয়ে যায় ওসমান গণি। একই দিন রাত ৯টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে নানাভাবে যৌন হয়রানি করে বাদশা মিয়া। একপর্যায়ে চিৎকার চেঁচামেচি করলে কিশোরীকে ওদিন ছেড়ে দেয়। পরে ওই কিশোরী কান্নাকাটি করতে থাকলে পরদিন তাকে আবার বাড়ি পৌঁছে দেয় ওসমান গণি। বাড়ি ফিরে মাকে ঘটনার কথা জানালে ওসমাণ গণিকে আটক করে চন্দনাইশ থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। পরে চন্দনাইশ থানা পুলিশ সাতকানিয়া থানায় খবর দিলে ওসমাণ গণিকে হেফাজতে নিয়ে বাদশা মিয়াকেও আটক করে।
সাতকানিয়া থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম বলেন, ওই বাকপ্রতিন্ধী নারীর মা এসে থানায় অভিযোগ জানান। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, অভিযোগ পেয়েই দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।