অর্থমন্ত্রী আ.হ. ম মোস্তফা কামাল জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে দেওয়া বক্তব্যে সরকারি কর্মচারীরা চরম হতাশা ও দুশ্চিন্তায় ভুগছে বলে জানিয়েছেন সরকারি কর্মচারীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ১৬-২০গ্রেড সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় জেলা কমিটির সভাপতি মো. শরিফ উল্লাহ।
এসময় তিনি জানান, সরকারি কর্মচারীদের ৫ বছর পর পর পে-স্কেল দেওয়ার নিয়ম চলমান থাকলেও গত ২০১৫ সালে ৮ম পে-স্কেল প্রদানের ৭ বছর অতিক্রান্ত হয়েছে। ইতোমধ্যে দ্রব্য মূল্য দিগুণের চেয়ে বেশি বেড়েছে। আমাদের মত নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীদের সংসার ব্যয় মিটাতে হিমশিম খেতে হচ্ছে। কর্মচারীরা আজ ধারদেনায় জর্জরিত হয়ে মানবেতর জীবনযাপন করছে। মাননীয় অর্থমন্ত্রীর এমন বক্তব্যে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিম্ন আয়ের কর্মচারীদের এ-কষ্ট লাঘবে আমি বাংলাদেশ ১৬ – ২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি।