সাতকানিয়ায় ডলু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. শফি (৪২) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দীকি এ জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দীকি বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে ওই ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০— এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ মাটি ও বালি উত্তোলনকারীদের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত শুক্রবার (২০ জানুয়ারি) মাটি খেকোদের হাত থেকে ডলু নদীর তীর রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করে ওই এলাকার বাসিন্দারা। সওদাগর পাড়া মহল্লা কমিটির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন থেকে শতাধিক নারী-পুরুষ ডলু নদীর তীর থেকে মাটি ও বালু কাটা বন্ধ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।