পটিয়ায় হকারদের আমরণ অনশনের ঘোষণা, অভিযোগ মেয়রের বিরুদ্ধে

পটিয়া প্রতিনিধি
পটিয়া পৌরসভার মেয়রের বিরুদ্ধে মানববন্ধন করেছে পটিয়া হকার্স সমিতি। বুধবার ( ১লা ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আদালত রোড, স্টেশন রোডে চলাচলের পথের বাইরে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে পৌর মেয়র আইয়ুব বাবুল যানজট নিরসনের নামে আদালত রোডের হকারদের উচ্ছেদ করে কিচেন মার্কেটের ফুটপাতে বসতে বাধ্য করেন। সেখানে কোন ক্রেতা না থাকায় তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হকারেরা আরো বলেন, পৌরসভার জ্যাকেট পরিহিত কয়েকজন যুবক নিরীহ এসব বিক্রেতাদের পণ্য নষ্ট করা সহ মারধর, ভাংচুর করে প্রতিদিন। মেয়রের কাছে বার বার এ বিষয়ে সুরাহার জন্য গেলেও তিনি সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন তারা। হকাররেরা বলেন, পৃথিবীর সব দেশে হকার আছে, বাংলাদেশ সহ পটিয়াতেও সব জায়গায় হকার আছে ৷ শুধু আমাদের উপর এমন নির্যাতনের কারণ কি বুঝতে পারছি না। দ্রব্যমূল্যের এই উর্দ্ধগতির সময়ে ক্রেতাহীন কিচেন মার্কেটে ঠিক মত বেচাকেনা করতে না পারায় এখন তাদের না খেয়ে মরার অবস্থা বলে জানায় হকাররা। মানববন্ধন শেষে হকার সমিতির নেতৃবৃন্দ পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুনকে স্মারকলিপি দেন। স্মারকলিপি দেয়া শেষে তারা জানান অনতিবিলম্বে তাদের পূর্বের স্থানে ব্যবসা করার অনুমতি না দিলে তারা আমরণ অনশন শুরু করবে। এ ব্যাপারে পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল জানান,পটিয়ায় একটি চক্র তার বিরুদ্ধে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র করছে। এটা পটিয়াকে অস্থির করার পাঁয়তারা। আমি হকারদের স্থায়ীভাবে পুনবার্সনের ব্যবস্থা করে দিয়েছি। তাদেরকে ফুটপাথ থেকে তুলে কিচেন মার্কেটে বসতে দিয়েছি। এমনকি মাস শেষে র্যাফেল ড্র এর ব্যবস্থা করেছি। হকার নেতা আজগর আলী ও ছোটন নাথ বলেন, কিচেন মার্কেটে যারা দোকান ভাড়া নিয়েছে তারাই আসছে না আমাদেরকে কেন জোর করে বসাতে চাচ্ছে? আমরা গরীব বলে আমাদেরকে যেমন ইচ্ছা করবে এটা হতে পারে না। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন বলেন, পটিয়ার হকার নেতৃবৃন্দ একটি স্মারকলিপি জমা দিয়েছেন। আমরা এ বিষয়ে পরবর্তীতে সংশ্লিষ্টদের সাথে বসে সিদ্ধান্ত নিব। পটিয়া পৌর মেয়রের বিরুদ্ধে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন আজগর আলী, সমীর দে, জাহাঙ্গীর আলম, মুজিবুর রহমান, বিকাশ দত্ত, মোঃ রাজু, ছোটন নাথ, মধু দাস, মোঃ সিরাজ মাঝি, হেলাল উদ্দীন, মনির আহমদ, শিবু চৌধুরী, মোজাহের মিয়া, আবদুল কুদ্দুস, সিদুল বড়ুয়া, প্রদীপ ভট্টাচার্য, আবদুল ছবুর অজয় পাল, মোঃ খোরশেদ আলম সহ শতাধিক হকার।
মন্তব্য করুন

Your email address will not be published.