বাঁশখালীতে চাচার হাতে ভাতিজা খুন

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরের সীমানা ও মাটি তোলা নিয়ে বিরোধের জের ধরে চাচার মারধরে শাহাব উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন শাহাব উদ্দিনের বাবা এয়াকুব হোসেনও।

বুধবার (৮ মার্চ) সকালে উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইদায়রী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাব উদ্দিন ওই এলাকার মোহাম্মদ এয়াকুব হোসেনের (৬২) ছেলে। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন চাচা নুর হোসেন।

জানা গেছে, এয়াকুব হোসেন (৬২) ও তার ভাই নুর হোসেনের (৪৫) মধ্যে পুকুরের সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে এয়াকুব পুকুর থেকে মাটি তুলতে চাইলে সীমানা নিয়ে আবার তর্ক-বিতর্ক হয়। এসময় চাচা নুর হোসেনের সাথে ভাতিজা শাহাব উদ্দিনও তর্ক করেন। পরে ক্ষিপ্ত হয়ে নুর হোসেন তার ভাতিজা শাহাব উদ্দিনের সাথে সংঘষে জড়িয়ে পড়েন। এঘটনায় শাহাব উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, পুকুর থেকে মাটি উত্তোলন ও সীমানা বিরোধ নিয়ে বাকবিতণ্ডায় তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে চাচার হামলায় ভাতিজা প্রাণ হারান। ঘটনার পরপরই চাচা পালিয়ে গেছেন। আমরা ঘটনা তদন্ত করে দেখছি।

মন্তব্য করুন

Your email address will not be published.