নগরীর চান্দগাঁও থানাধীন বরিশাল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিদ্যুৎ চুরির মূল হোতাকে ধরে পুলিশে সোপার্দ করেছে কালুরঘাট বিক্রয় ও বিতরণ বিভাগ। তার নাম- মো. নাসের (৪৫)। তিনি চান্দগাঁও থানাধীন বেপারী পাড়া আব্দুল কাদের বাড়ির মফিজুর রহমান মিতুর ছেলে।
কালুরঘাট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কালুরঘাট বিদ্যুৎ বিক্রয়-বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুদ্দিন।
জানা গেছে, চান্দগাঁও থানাধীন বরিশাল বাজার কাশেম কলোনি সংলগ্ন মুছা কলোনিতে অবৈধ সংযোগ দেয়ার খবর পায় বিদ্যুৎ বিভাগ। তাৎক্ষণিক চান্দগাঁও থানা পুলিশের সহায়তায় অভিযানে যান কালুরঘাটের নির্বাহী প্রকৌশলী। তখন একটি বাড়িতে বৈদ্যুতিক মিটারে বাইপাস সংযোগ করে বিদ্যুৎ সংযোগ প্রদান করার সময় হাতেনাতে নাসেরকে আটক করা হয়। এরপর তাকে সাথে নিয়ে আরও বেশ কয়েকটি অবৈধ সংযোগ দেয়ার তথ্য ও প্রমাণ মেলে। পরে নাসেরকে সাথে নিয়ে মুছা কলোনি গলির ভেতরে বহুতল ভবনে ১২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ বিভাগ। পরে মুছার বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা করা হয় এবং বেশকিছু বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, এর আগে বিদ্যুৎ বিভাগের কয়েকটি অভিযান পরিচালনা করা হলেও মূল হোতাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আজকে তিন চারঘণ্টার অভিযানে মূল হোতাসহ বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করে কর্মকর্তারা।
অভিযানে কালুরঘাট বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী মঈনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. আলিউল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, ইকবাল হোসেন, মারুফুর রহমান, চান্দগাঁও থানা পুলিশসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কালুরঘাট বিদ্যুৎ বিক্রয়-বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুদ্দিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে বরিশাল বাজার ও কালুরঘাট ভারী শিল্প এলাকায় বিদ্যুৎ চুরির বিষয়ে অভিযোগ পাচ্ছিলাম। কিন্তু কে বা কারা এর সাথে জড়িত রয়েছে, তাদের খুঁজে পাচ্ছিলাম না। আজ (মঙ্গলবার) সকালে এক চোর অবৈধ বিদ্যুৎ সংযোগ দিচ্ছে খবর পাওয়ার সাথে সাথে অভিযান পরিচালনা করে মো. নাসেরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিদ্যুৎ আদালতে মামলা ও গ্রেপ্তারি ওয়ারেন্ট ছিল।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক আজিজুল হক বলেন, নার্সের ইলেক্ট্রিশিয়ান হিসেবে এলাকায় পরিচিত। এছাড়া দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চুরির সাথে সম্পৃক্ত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।