পটিয়া প্রতিনিধি
চুরি, ছিনতাই ও হারানো মোবাইল দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারে ধারাবাহিক সাফল্য দেখিয়ে যাচ্ছে চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ। মোবাইল হারানোর পর থানায় ডায়রী করলেই প্রযুক্তির মাধ্যমে তা উদ্ধার করা হচ্ছে। গত ৬ মাস পূর্বে কুমিল্লা জেলার বিমল ভিক্ষুর পুত্র জয় বড়ুয়া পটিয়ার তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে মোবাইল ফোনটি হারান। হারানো এ মোবাইল উদ্ধার করে বৃহস্পতিবার সকালে জয় বড়ুয়াকে পটিয়া থানার ওসি প্রিটন সরকার হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম ও এসআই মো. জিয়া। এর আগে উপজেলার ঊনাইনপূরা গ্রামের বিশিষ্ট সমাজসেবক প্রয়াত সন্তোষ বড়ুয়ার বাড়ি থেকে একটি মোবাইল চুরি হয়। থানায় অভিযোগ দেয়ার পর কক্সবাজার জেলার উখিয়া থেকে পুলিশ সেটি উদ্ধার করেন। এরপর ঊনাইনপূরা গ্রামের প্রয়াত উদয়ন বড়ুয়ার বাড়ি থেকে চুরি হওয়া সুমন বড়ুয়ার সহধর্মিণীর মোবাইলের বিষয়ে থানায় অভিযোগ দেয়ার পর ঊনাইনপূরা সুখলাল সুবেদার মঠে রেখে যায়। রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুকুমার বড়ুয়ার মোবাইল গত ২৮ জানুয়ারি চুরি হয়। এ ঘটনায় পটিয়া থানায় গত ৫ ফেব্রুয়ারি অভিযোগ করা হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে তিনদিনের মধ্যে মোবাইল উদ্ধার করা হয়। পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানিয়েছেন, মোবাইল হারানোর পর থানায় ডায়রী করলেই দ্রুততম সময়ের মধ্যে প্রযুক্তির মাধ্যমে তা উদ্ধার করা হয়। ইতোমধ্যে বেশকিছু মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত পটিয়া থানার একটি টিম কাজ করছে।