রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে চাঁদের গাড়ি খাদে পড়ে মিনহাজুল কবির নামে সাতকানিয়ার আমিলাইশের এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি হাটহাজারীতে।
শনিবার বিকাল ৫ টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার বিলাইছড়ি, রাজস্থলীর সীমান্ত উপজেলার গবাছড়া এলাকায় একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ১ জন আহত হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয়রা বলেন, সীমান্ত সড়কে কাজ শেষ করে চাঁদের গাড়িটি রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছিল। গবাছড়া নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। গাড়িটি ভেঙে চুরমার হয়ে গেছে। ঘটনাস্থলেই গাড়িতে থাকা দুজন মারা গেছে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েচে। হতাহতদের উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বুলবুল আহম্মদ জানান, সন্ধ্যায় ইফতারের পর হাসপাতালে দুর্ঘটনা কবলিত এলাকা থেকে তিন জন রোগী আনা হলে দুইজনকে মৃত পাওয়া যায। একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।