চন্দনাইশে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এনজিওকর্মীর

চট্টগ্রামের চন্দনাইশে তেলবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়নাল আবেদীন জাবেদ (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. শহিদুল আলম (৪৮) আরও একজন। তাকে উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার দক্ষিণ হাসিমপুর বড়পাড়া কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসার গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন জাবেদ উপজেলার মধ্যম গাছবাড়িয়ার আবু তালেব মুন্সির বাড়ির ফারুক আহমদের ছেলে এবং তার সঙ্গে থাকা আইডি কার্ডের তথ্যানুযায়ী তিনি বেসরকারী সংস্থা ‘প্রত্যাশী’তে কর্মরত। অন্যদিকে আহত মো. শহিদুল আলম উপজেলার দক্ষিণ জোয়ারার মো. জাকির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার দক্ষিণ হাসিমপুর বড়পাড়া কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসার গেটের সামনে মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক জয়নাল আবেদীন জাবেদ মারা যান। আর গুরুতর আহত হন আরোহী মো. শহিদুল আলম।

দোহাজারী হাইওয়ে থানার এস আই (নিরস্ত্র) মো. ফারুক উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে সিভয়েসকে বলেন, বেলা ১২টার দিকে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষে জয়নাল আবেদীন জাবেদ নামে একজন মোটরসাইকেল চালক নিহত ও মো. শহিদুল আলম নামে অপরজন আহত হয়েছেন। আহত শহিদুলকে উদ্ধার করে স্থানীয় মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার ও গাড়ি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.