পটিয়ায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু, পুলিশে শেষ রক্ষা

পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতের বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে অঙ্গার হলো বৃদ্ধা রিজিয়া বেগম (৭০) নামের এক নারীর। এসময় তার দুই সন্তানের বসত ঘরও পুড়ে ছাই হয়ে যায়। তিনি ঐ এলাকার মৃত ইউসুফ সিকদারের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার জিরি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব জিরি বলির বাপের বাড়ির নুরুল ইসলাম ও বাদশা মিয়ার পরিবারের সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন বৈদ্যুতিক শর্ট শার্কিটের আগুনের লেলিহান শিখা বসত ঘরে ছড়িয়ে পড়ে। ঘুম ভেঙ্গে এক কাপড়ে সবাই ঘর থেকে বের হয়ে কোন রকমে প্রানে রক্ষা পান। কিন্তু বাদশা মিয়ার বৃদ্ধ মা রিজিয়া বেগম সময় মত বের হতে না পারায় আগুনে পুড়ে অঙ্গার হন। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হলেন, নুরুল আলম সিকদার, বাদশা মিয়া সিকদার, রুবেল সিকদার ও ছেনোয়ারা বেগম। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে আরো জানা যায়, বুধবার রাতে জিরি ইউনিয়নে পটিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক সায়েমের নেতৃত্বে একটি টহল টিম ঐ এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এসময় তারা একটি বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলার দৃশ্য দেখতে পায়। তখনই পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আশপাশের লোকজনকে ডাকাডাকি করে ঘুম থেকে তুলে তাদেরকে নিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে বিষয়টি পটিয়া থানার ওসি প্রিটন সরকারকে জানানো হলে তিনি সাথে সাথে পটিয়া ফায়ার সার্ভিসকে জানান। ফায়ার সার্ভিস ৩.৪৫ মিনিটের দিকে ২ টি ইউনিট নিয়ে উদ্ধার কাজে রওনা হন। এব্যাপারে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ জানান, ঘরটিতে যৌথ পরিবারের বেশ কিছু লোকজন বসবাস করতেন। আগুন তারা প্রাণে বেঁচে গেলেও তাদের বৃদ্ধ মাকে বাঁচাতে পারেন নি। পুলিশ যদি এ ঘটনাটি না দেখতো তাহলে পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হতো। এসময় পুলিশ ও স্হানীয়দের সহযোগীতায় পরিবারটির গৃহপালিত পশু গুলোকে রক্ষা করা হয়েছে। আগুনে পুড়ে অঙ্গার হওয়া বৃদ্ধা রিজিয়া বেগমের লাশটি ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান , এ ঘটনায় তাদের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুড়ে অঙ্গার হওয়া লাশটির ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, ওসি প্রিটন সরকার, স্হানীয় চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু, স্হানীয় ইউপি সদস্য নাসির উদ্দীন চৌধুরী। তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পটিয়া ফাঁয়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদুল ইসলাম জানান , রাত ৩.৪৫ মিনিটে আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। একজন বৃদ্ধা মহিলাও পুড়ে মারা যায়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারন করা সম্ভব হয় নি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্নয় করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.