ঘূর্ণিঝড় মোখা: জরুরি সহায়তায় কাজ করবে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা

সাতকানিয়া প্রতিনিধি: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’ আরও উত্তর দিকে অগ্রসর এবং ঘণীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

এটি আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২০৫ কি.মি. দক্ষিণ- দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১১৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১১৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১‌৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি। এটি আরও ঘণীভূত হয়ে শুক্রবার সকাল পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিম দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ভীতির মুখে পড়েছে কয়েক লাখ মানুষ। তাদেরকে উপকূলীয় অঞ্চল থেকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তরসহ সব ধরনের সহায়তা কার্যক্রমে সরকারের পাশাপাশি কাজ করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা।

এরই মধ্যে যুব রেড ক্রিসেন্ট সাতকানিয়া উপজেলা ইউনিটের সদস্যরা সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সাতকানিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে সাক্ষাৎ করে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সাতকানিয়ায় যুব রেড ক্রিসেন্টের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

এ সময় সাতকানিয়া উপজেলা ইউনিটের দলনেতা মোহাম্মদ জুবায়ের, উপ দলনেতা-১ জিতু ধর সহ এবং সাতকানিয়া উপজেলা ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

মোখার আঘাতের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বিপদগ্রস্ত মানুষদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করবেন বলে জানান তারা।

যুব রেড ক্রিসেন্ট সাতকানিয়া উপজেলা ইউনিটের দলনেতা মোহাম্মদ জুবায়ের বলেন, ‘ঘূর্ণিঝড় পরিস্থিতিতে সব ধরনের জরুরি সহায়তা দিতে যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা সদা প্রস্তুত রয়েছে।’

মন্তব্য করুন

Your email address will not be published.