চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৭ জুন) সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। তবে এর আগেও একাধিকবার সম্মেলনের তারিখ ঘোষণার পরে স্থগিত করা হয়েছে।
সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান করা হয়েছে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। সদস্য সচিব করা হয়েছে সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে। কিং অফ চিটাগাং কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন সারাবাংলাকে জানান, নগরীর যেসব ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলন এখনও অনুষ্ঠিত হয়নি সেগুলোর কমিটি ঈদুল আজহার পর সম্মেলনের আগেই সম্পন্ন করা হবে। ইতোমধ্যে স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে অসমাপ্ত এসব ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, আগামী ৫ জুলাই (বুধবার) মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সম্মেলনকে প্রাণবন্ত ও সফল করে তুলতে বেশ কয়েকটি উপ কমিটি গঠন করা হবে। সম্মেলন সফল করার লক্ষ্যে যাবতীয় কার্যক্রম চূড়ান্ত ও দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, সুনীল কুমার সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সম্পাদকমন্ডলীর সদস্য আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, মো. হোসেন, দিদারুল আলম চৌধুরী, আবু তাহের, ফয়সল ইকবাল চৌধুরী, শহিদুল আলম, কামরুল হাসান বুলু, পেয়ার মোহাম্মদ, আহমেদ ইলিয়াছ, কামাল উদ্দীন আহমেদ, মহব্বত আলী খান, সাইফুদ্দিন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, নিছার উদ্দীন মঞ্জু, মো. জাবেদ ও বেলাল আহমদ উপস্থিত ছিলেন।
এর আগে সর্বশেষ ২০২২ সালের ৯ নভেম্বর নগরীর একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের যৌথ প্রতিনিধি সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আবু সাঈদ আল মাহমুদ স্বপন ১৮ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেছিলেন। তবে সেটা হয়নি।