খাগড়াছড়ির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা  রফিকুল ঢাকা থেকে গ্রেপ্তার

আনা হবে খাগড়াছড়িতে- পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ-

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা রফিকুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে রাজধানীর ভাটারা থানার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

রফিকুল আলম দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র ছিলেন। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ভাই। তাঁর বিরুদ্ধে সব মিলিয়ে অন্তত ৪৭টি মামলা রয়েছে। ২০২১ সালের জানুয়ারিতে তিনি আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে (স্বতন্ত্র, মোবাইল ফোন প্রতীক) নির্বাচন করে পরাজিত হন। এর আগে ২০১১ থেকে টানা দুই মেয়াদে তিনি মেয়র ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রফিকুল আলম খাগড়াছড়ির জেলার বিভিন্ন বাজার ইজারা ও টোল আদায় নিয়ন্ত্রণ করতেন। ৫ আগস্টের আগেও তাঁর বিরুদ্ধে, হত্যা, জায়গা দখল, মন্দিরের জায়গা দখল, সাংবাদিক পেটানোসহ বিভিন্ন ঘটনায় মামলা হয়েছে।

জানতে চাইলে খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, ভাটারা থানা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাঁকে গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে খাগড়াছড়িতে আনা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.