প্রয়াত নেতাদের কবরে মহিউদ্দিন বাচ্চুর শ্রদ্ধা

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু প্রয়াত নেতাদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বৃহস্পতিবার (৭ জুলাই) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রয়াত এমএ আজিজ, জহুর আহমেদ চৌধুরী, এমএ হান্নান, ইছহাক মিয়া, আতাউর রহমান খান কায়সার, আখতারুজ্জামান চৌধুরী বাবু, এমএ মান্নান, এবিএম মহিউদ্দিন চৌধুরী, কাজী ইনামুল হক দানু, আফছারুল আমিনের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি চ্যালেঞ্জ মোকাবেলায় মহিউদ্দিন বাচ্চু দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেস। তার বিজয় কোনো ব্যক্তির বিজয় নয় এটা বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়, শেখ হাসিনার বিজয়।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, মরহুম প্রয়াত নেতারাই আমাদের জীবনে চলার পথের পাথেয়। তারা অনুপ্রেরণা যুগিয়েছেন বলে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। তাই তাদের পথ ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই পথের নতুন কান্ডারী মহিউদ্দিন বাচ্চু হতে চলেছে। ভোটারদের আস্থা ও ভরসা অর্জনের মধ্যদিয়ে তাকে বিজয়ী করতে পারলে এটা আমাদের সকলের জন্য একটি মহান বিজয়।

মহিউদ্দিন বাচ্চু বলেন, চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রার্থী যারা ছিলেন তাদেরও যথেষ্ট যোগ্যতা ছিল তারা মনোনয়ন না পেলেও আমাকে সহযোগিতা করবেন। কারণ আমরা দলের এক এবং অভিন্ন শক্তি। আমাদের একমাত্র লক্ষ্য ও অর্জন হবে নৌকার বিজয় সুনিশ্চিত করা। যার প্রভাব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকেও প্রভাবিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, ত্রাণ সমাজকল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, নির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, মো. জাবেদ, সাবেক যুবলীগ নেতা সৈয়দ মাহমুদুল হক, এমএ মান্নান এর ছেলে ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, ডা. আফছারুল আমীনের ছেলে ডা. ফয়সাল আমিন প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.