নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নেতার নাম আলী হায়দারকে (৩৫)।
৭ মে শুক্রবার, সকালে তাকে গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আলী হায়দার একসময় ইসলামী ছাত্র শিবিরের তুখোড় নেতা ও সাথী ছিলেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত।
রমজানে প্রতি মসজিদে মুসল্লি সংখ্যা ২০ রাখার ঘোষণা ছিল। কিন্তু ২ রমজান চান্দগাঁও বি-ব্লক জামে মসজিদের ভেতরে ২০ জন রেখে মসজিদের দরজা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চান্দগাঁও বি-ব্লক মসজিদের পেইজে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, উপস্থিত মুসল্লিরা তারাবি নামাজ আদায় করতে মসজিদের মই এনে এক যুবককে দোতলায় তুলে দেয়। ওই যুবক দোতলা থেকে নিচতলায় নেমে ভেতর থেকে দরজা খুলে দেয়। তখন উপস্থিত মুসল্লিরা মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করেন।
এই ঘটনায় মামলা দায়ের হয়। মামলায় আলী হায়দারসহ কয়েকজনকে আসামি করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। এছাড়া নগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
শনিবার (৮ মে) তার রিমান্ড চাইব, জানান ওসি চান্দগাঁও।