সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড়ের টিলা হতে মাটি কাটার দায়ে এইচএবি ও এমবিএফ নামক দুটি ইটভাটার মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার ২৪ মে সকাল ১১ টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা ও চূড়ামনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ১০১৯) এর সংশ্লিষ্ট ধারায় এইচএবি ইটভাটার ম্যানেজার রাবেত ইকবালকে (৩৮) এক লক্ষ টাকা ও এমবিএফ ইটভাটার ম্যানেজার মানিক দেবনাথকে (৩৬) এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস।
এ ছাড়াও উপজেলা ভূমি অফিসের কর্মচারী ও সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, এওচিয়া ইউনিয়নের কয়েকটি ইটভাটা ইট তৈরির জন্য টিলা কেটে মাটি সংগ্রহ করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে। এ ছাড়াও ভবিষ্যতে এ ধরনের আইন বর্হিভূত কার্যক্রমে লিপ্ত না হওয়ার জন্য তাদেরকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
সাতকানিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, যেকোনো ধরনের আইন বহির্ভূত কর্মকাণ্ড দমনে সাতকানিয়া উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। টপসয়েল, পাহাড় ও টিলা কেটে ইট তৈরি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এলাকাবাসী যদি আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করে তাহলে এ ধরনের অভিযান আরও বেশি জোরদার করা হবে।