১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে পুনরায় নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপকালে অধ্যাপক ইউনূস এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, স্বৈরাচারী শাসনামলে জনগণের যে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তা প্রয়োগ করার জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে পতিত স্বৈরাচারী সরকারের সমর্থকরা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে কোটি কোটি ডলার ব্যয় করছে এবং তাদের পলাতক নেতা সহিংসতায় উসকানি দিচ্ছে।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনের আর প্রায় ৫০ দিন বাকি। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই। এটিকে স্মরণীয় করে তুলতে চাই।

প্রায় আধা ঘণ্টাব্যাপী এই টেলিফোনালাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক, আসন্ন জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং তরুণ বাংলাদেশি রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়।

সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান সার্জিও গোর। আলোচনার ফলস্বরূপ, যুক্তরাষ্ট্রের আরোপিত পারস্পরিক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

মার্কিন বিশেষ দূত শহীদ ওসমান হাদির বিশাল জানাজা নিয়েও কথা বলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.