ওসমান গণি, বিশেষ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন।
এরই অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলায় গত তিন দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে আচরণবিধি লঙ্ঘন করে টাঙানো অর্ধশতাধিক ব্যানার, পোস্টার ও প্রতীকসহ বিভিন্ন প্রচার সামগ্রী অপসারণ করা হয়েছে।
চকরিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে উপজেলার বদরখালী, ইলশিয়া, ডুলহাজারা ও খুটাখালীসহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা এবং জনসমাগমস্থলে অবৈধভাবে স্থাপিত প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব জানান যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কেউ যাতে আইন অমান্য করে আগাম প্রচারণা চালাতে না পারে কিংবা নিষিদ্ধ স্থানে ব্যানার-ফেস্টুন স্থাপন করতে না পারে, সেজন্য প্রশাসনের এই নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও সতর্ক করে বলেন যে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পর্যায়ক্রমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তারা জানান যে দীর্ঘদিন ধরে সড়ক ও জনসমাগম এলাকায় যত্রতত্র অসংখ্য ব্যানার-পোস্টার ঝুলে থাকায় যান চলাচল বিঘ্নিত হচ্ছিল এবং পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছিল।
প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরেছে। প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে