মন্ত্রিসভায় ডাক পেয়েছেন যারা

 

জ্যেষ্ঠ প্রতিবেদক

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদসহ আরো কয়েকজন।

মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য ফোন পেয়েছেন এমন কয়েকজনের নাম বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

তাদের মধ্যে আরও আছেন স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই রায়, কেন্দ্রীয় নেতা কায়সার কামাল, চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, এহসানুল হক মিলন।

এছাড়া বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন, আমিনুর রশীদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিও ফোন পেয়েছেন বলে খবর এসেছে।

মঙ্গলবার দুপুর ১টার পর বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এখনও আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে কোনও নির্দেশনা পাইনি।”

প্রত্যাশিত অনেক নেতা মন্ত্রিপরিষদে ‘জায়গা পাচ্ছেন না’ বলেও স্থায়ী কমিটির একজন সদস্য জানিয়েছেন। তবে সাবেক মন্ত্রীদের মধ্যে বেশ কয়েকজন সম্ভাব্য পরিষদে জায়গা পেয়েছেন।

এদিন সকালে বিএনপির নবনির্বাচিত এমপিরা সংসদে শপথ নিয়েছেন। সে সময় তারা এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

শপথ নেওয়ার পর সংসদীয় কমিটির সভায় তারা তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচন করেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির নেতা হিসেবে তিনিই হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। তিন দশক পর নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ।

তারেক রহমানের মন্ত্রিসভায় কারা থাকছেন, সেদিকে এখন সবার নজর। মন্ত্রীদের সংখ্যা ৪০ জনের আশপাশে থাকার কথা আগের দিন সোমবার শোনা গেলেও এখন তা বাড়ছে বলে খবরে এসেছে। যাদের নিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে দেশ গড়তে চান তারেক রহমান।

মন্ত্রিসভার সদস্যদের শপথের প্রস্তুতির অংশ হিসেবে পরিবহন পুল থেকে আগের দিন ৩৭টি গাড়ি প্রস্তুত রাখা হলেও মঙ্গলবার সচিবালয়ে আনা হয়েছে ৪৭টি গাড়ি।

 

মন্তব্য করুন

Your email address will not be published.