সাতকানিয়া সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড়, টিলা ও কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
অভিযোগ রয়েছে, এই ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় ও টপসয়েল কেটে ইট তৈরি করে আসছিল। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাটি কাটার একটি এস্কেভেটর বিকল করে দেওয়া হয়।
সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, কিছু চিহ্নিত “মাটিখেকো” চক্র সেনাবাহিনীকে ম্যানেজ করার মিথ্যা গুজব ছড়িয়ে এই পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছিল।
তিনি আরও জানান, এই ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে হেলাল উদ্দিন বাবলু, মোহাম্মদ হারুন ও মোহাম্মদ রিফাতকে গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
এওচিয়া ইউনিয়নের পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।
এদিকে অভিযুক্ত মো: হারুনের মুঠোফোনে কল দিয়ে মাটি কাটার বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনে প্রতিবেদককে জানান,দেখেন ভাই আমি ছনখোলার সাথে জড়িত নেই।
আমি যতটুকু জানি সত্যটা হচ্ছে ওগুলো সরাসরি শাহআলম কোম্পানি নিজেই কাটতেছে, এটা সবাই জানে।
অভিযুক্ত হারুন আরো বলেন, মূলত কে বা কাহারা উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার নামটা দিচ্ছে আমি বুঝতেছিনা।আমি মাটি ব্যবসা করলেও ছনখোলার সাথে জড়িত নয়।