সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় উন্নত জাতের আলুর চাষ পদ্ধতি অনুসরণে বারি আলু-৯০ এর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ই মার্চ) সকালে উপজেলার ছদাহা এলাকায় ফসল গবেষনা জোরদার করন প্রকল্প গাজীপুরের অর্থায়নে সাতকানিয়ায় বারি উদ্ভাবিত আলু জাত বারি আলু-৯০ এর ওপর এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহাদাত হোসেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস এম ফয়সাল ও বিশেষ অতিথি ছিলেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা কৃষকদের মাঝে বারি আলু-৯০ এর ফলন, উৎপাদন সক্ষমতা ও কৃষিবান্ধব বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, বারি আলু-৯০ এর ফলন বারি আলু-২৯ ও বারি আলু-৩৫ এবং বারি আলু-৩৭ এর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। যেখানে বারি আলু-২৯ ও ৩৫ এবং ৩৭ এর গড় ফলন হেক্টরপ্রতি ২৫ থেকে ৩০ টন সেখানে বারি আলু-৯০ এর ফলন হেক্টরপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ টন পর্যন্ত পাওয়া যায়।
এসময় কৃষকদের মাঝে বারি আলু-৯০ এর চাষ পদ্ধতি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও বাজার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। কৃষকরা নতুন এই জাতের আলু চাষে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ব্যাপকভাবে চাষ সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।