এওচিয়ার চূড়ামণিতে ইফতারের আগেই দুই ভাইবোন পুঁড়ে অঙ্গার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় খেলার ছলে নিজেদের দেওয়া আগুনে পুড়ে জাহেদা আক্তার (১৪) এবং আব্দুল মালেক (৩) নামে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চূড়ামনি  এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু লক্ষ্মীপুর জেলার মো. হাসান ও হালিমা আক্তারের সন্তান। হাসান-হালিমা দম্পতি চূড়ামনির ‘জেএমবি ব্রিকস’ নামক একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন।

জানা গেছে, হাসান-হালিমা দম্পতি সন্তানদের নিয়ে ইটভাটার শ্রমিকদের থাকার অস্থায়ী বসতঘরে বসবাস করতেন। ওই বসতঘরটি ছাদ এবং বেড়া পলিথিন কাগজ দিয়ে মোড়ানো ছিল। মা-বাবা কাজে যাওয়ার পর নিহত শিশু জাহেদা ও মালেক খেলার ছলে বসতঘরের পাশের কিছু খড়কুটোয় আগুন দিয়ে কক্ষে ঢুকে যায়। এর পর আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়লে তারা আর কক্ষ থেকে বের হতে না পেরে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

সাতকানিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা সিরাজ কুতুবী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর দুই শিশুর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে। পরে মরদেহ থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করা হবে।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা বলেন, উদ্ধার করা দুই শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে এওচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: ইলিয়াস সুমন বলেন ঘটনা আমার ওয়ার্ডের চূড়ামনির উত্তর পার্শ্বে গাটিয়া ডেঙ্গা এলাকার আব্বাসদের মৎস প্রজেক্টের পাশে একটি টিনের ঘরে।

ঘটনাস্থলে আমার চকিদার জসিম ও পুলিশ প্রশাসন উপস্থিত আছেন।

এদিকে ২/৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা  ইউপি সদস্য তসলিমা আক্তার মুন্নীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা যায়।

মন্তব্য করুন

Your email address will not be published.