খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন
রোববার দুপুরে যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন মানিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা।
অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও মাটি কাটার দুটি এক্সক্যাভেটর জব্দ করেছে প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা বলেন, “বেশ কয়েকটি পাহাড় কাটার আলামত পাওয়া গেছে। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় স্থানীয় ইউপি সদস্য প্রিয়লাল চাকমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আবদুল মান্নান, সাংবাদিক মো. রবিউল হোসেন, এসআই তারেকুল ইসলাম উপস্থিত ছিলেন।