মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে জলকদর খাল দখল করে নির্মাণ করা হচ্ছে পাকা দালান। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাড়ের খাল দখল করে শেখেরখীল সরকার বাজার ফাঁড়ির মুখ এলাকায় রাজনৈতিক একটি দলের ছত্রছায়ায় ভবন নির্মাণ করছেন জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। তার একটু পশ্চিমে ১ কিলোমিটারের ব্যবধানে গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা খাটখালী এলাকায় বাঁধের উপর পাড় দখল করে মসজিদের নাম ব্যবহার করে দোকান নির্মাণ করছেন হারুনুর রশিদ চৌধুরী প্রকাশ (টিপু মিয়া)। একের পর এক যেন জলকদর খাল দখলের এই মহা উৎসব শুরু হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম সংবাদ সহ বেশ কয়েকটি জাতীয় ও অনলাইন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)র পক্ষ থেকে নোটিশ দিয়ে অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে সোমবার (৬ এপ্রিল) রাত ৮ টায় চট্টগ্রাম সংবাদ কে জানিয়েছেন
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।
পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী অনুপম পাল বলেন, ‘শেখেরখীলে ভবণ নির্মান ও গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা খাটখালী বাজার এলাকায় বাঁধে উপর দোকান নির্মাণকারীদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে। খুব শিগগির এসব দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে নোটিশ দিয়ে সময় বেঁধে দেওয়া হয়েছে। তার মধ্যে অপসারণ না করলে পানি উন্নয়ন বোর্ডকে অপসারণ কার্যক্রমে আমরা সার্ভিক সহযোগিতা করবো।