নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জে অভিযান চালিয়ে ১৫০ ঘনফুট আকাশমণি জ্বালানি কাঠবোঝাই একটি মিনি পিকআপ জব্দ করেছে বন বিভাগ। রোববার(১২ই এপ্রিল) দুপুরে রেঞ্জের হেয়াকো বিট এলাকায় এই অভিযান চালানো হয়।
তবে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সফিকুল ইসলামের নির্দেশনায় বন অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়।
আজ দুপুর আনুমানিক একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হেয়াকো বিটের ঝিলতলী এলাকায় অবস্থান নেন বনকর্মীরা। এ সময় অবৈধভাবে পাচারের সময় কাঠবোঝাই গাড়িটি জব্দ করা হয়।
জানা যায়, সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহদী হাসানের নেতৃত্বে এই অভিযানে হেয়াকো বিট কর্মকর্তা জাহিদুল ইসলাম, কয়লা বিট কর্মকর্তা মো. আসলাম হোসেন এবং বিট প্রশিক্ষণার্থী মো. আল-আমিনসহ করেরহাট ও সংশ্লিষ্ট বিটের টহল দল অংশ নেয়।
জব্দকৃত মালামাল বর্তমানে কয়লা বন বিট হেফাজতে রাখা হয়েছে। এদিকে সহকারী বন সংরক্ষক মো. মাহদী হাসান জানান, জব্দকৃত কাঠ ও গাড়ির বিরুদ্ধে বন আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।