পাওয়া গেল ইজিবাইক চালকের লাশ সাতকানিয়ায়

 

চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজের একদিন পর আবুল কালাম (৫০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দুপুর ১টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নের পাঠানিপুলের পশ্চিমে একটি ইটভাটার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

নিহত আবুল কালাম উপজেলার কালিয়াইষ ইউনিয়নের রসুলাবাদ ৩ নম্বর ওয়ার্ড পেয়াদার পাড়া গ্রামের মৃত হামিদ বকসু’র ছেলে।

 

নিহতের বড় ভাই আবুল কাশেম জানান, সোমবার (৪ মে) সকালে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আবুল কালাম। দুপুরে খাওয়ার সময় পার হয়ে গেলেও তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজের একদিন পর মঙ্গলবার দুপুর ১টার দিকে নয়াখালের পাশে একটি পরিত্যক্ত স্থানে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহ উদ্ধারের সময় পাশে দুই জোড়া জুতা পাওয়া গেছে বলে জানা গেছে।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে তিনি জানান।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.