চকরিয়ায় বিদ্যুৎ কেন্দ্রের অফিসে দস্যুতা মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চকরিয়ায় বিদ্যুৎ কেন্দ্রের অফিসে সংঘটিত দস্যুতা মামলার এজাহারনামীয় এক আসামীকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মে ২০২৬ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোরালখালী এলাকায় অবস্থিত কে.সি.এস প্রজেক্ট সাপোর্ট সার্ভিস পরিচালিত ১৩২/৩৩ কে.ভি এ.আই.এস সাব-স্টেশন বিদ্যুৎ কেন্দ্রের অফিসে সংঘবদ্ধ দস্যুতার ঘটনা ঘটে।

ঈদ উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের জন্য সংরক্ষিত ব্যাগে থাকা নগদ ১৮ লাখ ৮০ হাজার টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনিয়ে নেয় দস্যুরা।

এ ঘটনায় বিদ্যুৎ প্রজেক্টের কর্মচারী সৌরভ কুমার নাথ বাদী হয়ে চকরিয়া থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় একটি মামলা দায়ের করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামী মোঃ কাদের প্রকাশ নুরু (২৮) কে গ্রেফতার করা হয়। তিনি সাহারবিল ইউনিয়নের রামপুর গুরুইন্যাকাটা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গত ২৭ মে রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে জনতা শপিং সেন্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.