নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম সংবাদ
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ঘোষিত সরকারের পাঁচ বছর মেয়াদি ঐতিহাসিক ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র মাঠপর্যায়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। আগামীকাল ১৩ জুন (শনিবার) কক্সবাজারের চকরিয়ায় চারা রোপণের মাধ্যমে দেশের ইতিহাসের সর্ববৃহৎ এই সবুজ মহাপরিকল্পনার শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল ঢাকায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী বৈঠকের পর এবার সরাসরি মাঠপর্যায়ে এই কর্মসূচির বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে। কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় ও বনাঞ্চলসমৃদ্ধ এলাকায় বিশেষ চারা রোপণের মাধ্যমে প্রধানমন্ত্রী এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন।
কক্সবাজারের চকরিয়া ও এর আশপাশের উপকূলীয় অঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এই এলাকা থেকেই দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর এই বিশাল কর্মযজ্ঞ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় আগামী ৫ বছরে দেশের সংরক্ষিত বনাঞ্চল, উপকূলীয় সবুজ বেষ্টনী, সামাজিক বনায়ন এবং গ্রামীণ কৃষিবনায়নের মাধ্যমে ২৫ কোটি পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ গাছের চারা রোপণ ও তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে চকরিয়া উপজেলা প্রশাসন এবং কক্সবাজার উত্তর ও দক্ষিণ বন বিভাগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ মন্ত্রী, সংসদ সদস্য, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সুধীজন উপস্থিত থাকবেন। বন বিভাগ জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই উদ্বোধনের পরপরই কাল থেকে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে চারা রোপণ ও বিতরণের কাজ শুরু হয়ে যাবে।