চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা ‎

বাচ্ছু পাটোয়ারি, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

‎বারইয়ারহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে টেকসই উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, নাগরিক সেবার মানোন্নয়ন ও পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক ‘ক্লাস্টার উন্নয়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় বারইয়ারহাট পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এবং পৌরসভা ও ‘রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)’-এর উদ্যোগে এই কর্মশালা আয়োজিত হয়।

‎কর্মশালায় ৪টি‌‌ গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ লিডাররা আধুনিক ও উন্নত পৌরসভা গঠনে তাদের কর্মপরিকল্পনা ও বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে তা বাস্তবায়ন কিভাবে করা যায় সে বিষয়ে বিশদ আলোচনা করেন।

‎বারইয়ারহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার সমর মজুমদার এর সভাপতিত্বে এবং আরইউটিডিপি, এলজিইডি (ঢাকা)-এর নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান এর সঞ্চালনায় প্রকল্পের বিভিন্ন কারিগরি দিক তুলে ধরেন সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন এবং ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরেফিন, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এমটিএস মেহমুদ।

‎কর্মশালায় বক্তারা বলেন, আধুনিক, পরিবেশবান্ধব ও দুর্যোগ-সহনশীল পৌরসভা গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের কোনো বিকল্প নেই। প্রকল্পের আওতায় বারইয়ারহাটের বর্তমান ও ভবিষ্যৎ নাগরিক চাহিদা বিবেচনায় একটি টেকসই উন্নয়ন রূপরেখা তৈরি করা হবে। অংশগ্রহণকারীরা পৌর এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।

‎সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আজকের কর্মশালায় প্রাপ্ত মতামত ও সুপারিশসমূহ পর্যালোচনা করে বারইয়ারহাট পৌরসভার জন্য একটি সমন্বিত ও টেকসই উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করা হবে, যা স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।

‎কর্মশালায় বারইয়ারহাট পৌরসভার আধুনিকায়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার দিদারুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, সমবায় কর্মকর্তা দীপঙ্কর দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ প্রমুখ।

‎এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোশাররফ হোসেন, কামরান সরোয়ার্দী, নাজমুল হক সোহাগ, সালেহ আহমদ, সাংবাদিক কামরুল ইসলাম, সাংবাদিক দিদারুল আলম সহ স্থানীয় এনজিও প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতা এবং বিভিন্ন স্তরের প্রায় ৫০ জন বিশিষ্ট ব্যক্তি।

মন্তব্য করুন

Your email address will not be published.